রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে একজন গুলিবিদ্ধ

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

রাজধানীর রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে সন্ত্রাসীদের গুলিতে ইয়াছিন খান পলাশ (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ২টার দিকে পশ্চিম রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক যুবক পলাশ খানকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পলাশ খানের বাসার কর্মচারী ইব্রা মিয়া জানান, তাদের বাসা পশ্চিম রামপুরা এলাকায়। জুমার নামাজ শেষে মক্কি মসজিদ গলি থেকে বাসায় ফেরার পথে রয়েল মিষ্টির দোকানের সামনে পৌঁছালে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয় কয়েকজন হামলাকারীকে ধাওয়া দিলে তিনি দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। খবর পেয়ে তারা পলাশ খানকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তিনি আরও জানান, মিজান হত্যা মামলায় পলাশ খান ২৫ বছর কারাভোগ করেছেন। এক মাস আট দিন আগে তিনি কারাগার থেকে মুক্তি পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মহানগর পুলিশ-এর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রামপুরা টিভি সেন্টারের বিপরীতে মক্কি মসজিদ গলির মুখে পলাশ নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই যুবক আগে থেকেই ওত পেতে ছিল। সুযোগ বুঝে তারা পলাশকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

তিনি জানান, হামলাকারীরা মোটরসাইকেলটি কিছুটা দূরে রেখে এসেছিল। গুলিবিদ্ধ পলাশের অবস্থা গুরুতর। তার মাথায় গুলি লেগেছে বলে জানা গেছে।

ডিসি ইবনে মিজান আরও জানান, আহত ব্যক্তি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন কারাভোগের পর কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত