জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন। গতকাল ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ২ ঘণ্টা বসিয়ে রাখার এবং যথাযথ কূটনৈতিক চিঠি থাকার পরও তাকে দেশে ফিরে আসতে বাধ্য করার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল সোমবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অভিহিত করে বলেন ‘কূটনৈতিক চিঠি দেওয়ার পরও কেন মাননীয় তথ্য উপদেষ্টাকে ভারতের বিমানবন্দরে ২ ঘণ্টা বসিয়ে রাখা হলো? এটা মেনে নেওয়া যায় না। পরে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হলেও তিনি অপমানিত বোধ করে সেখান থেকে দেশে ফিরে আসেন।’ এ ঘটনার পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা রয়েছে কিনা এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি। একই সঙ্গে এ স্পর্শকাতর ও জাতীয় মর্যাদার বিষয়ে সংসদে ৩০০ বিধিতে সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে স্পষ্ট ও আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন তিনি।
অবশ্য স্পিকার তার এ বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে বলেন, ‘এ বিষয়ে পরে নোটিস দেওয়া যেতে পারে। তখন বিষয়টি বিবেচনা করা হবে।’
পাট খাত বেসরকারীকরণ হচ্ছে : পাটমন্ত্রী
সরকারিভাবে দেশে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা সরকারের নেই। বরং সরকারি নীতি-সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে পাট খাতে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
বন্ধ পাটকল চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম ২০২০ সালের ১ জুলাই সরকারি সিদ্ধান্তে বন্ধ হয়েছিল। পরে ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারার ভিত্তিতে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। এরই মধ্যে ১৪টি মিলের ইজারা-চুক্তি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ৯টি মিল চালু রয়েছে।’
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘বাকি ছয়টি মিল ইজারা দেওয়ার কার্যক্রম চলছে। তিনটি মিলের জন্য চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে, একটি মিলের জন্য আগ্রহপত্রের মূল্যায়ন চলছে, একটি মিলের জন্য নতুন আগ্রহপত্র আহ্বান করা হয়েছে এবং অন্য একটি মিলের ইজারার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ সরকারঘোষিত ৩১ দফার আলোকে মিলগুলো ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় তিনটি মিল এবং আইনি জটিলতা বা মামলাজনিত কারণে দুটি মিল লিজের বাইরে রাখা হয়েছিল। নতুন সরকারি পাটকল স্থাপন না করে বেসরকারি খাতের মাধ্যমে পাটশিল্পে গতি ফেরাতে চায় সরকার।
৪১ হাজারের বেশি নারী-শিশুর ডিএনএ প্রোফাইল সম্পন্ন
নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ডিএনএ প্রোফাইলিং কার্যক্রমে বড় সাফল্য এসেছে। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং দেশের সাতটি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি থেকে এ পর্যন্ত মোট ৪১ হাজার ৫৫৫টি নমুনার ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬ সংসদের প্রথম অধিবেশনে পাস করা হয়েছে। এখন থেকে শিশুধর্ষণ ও শিশুনির্যাতনের অপরাধের বিচার এ আইন অনুযায়ীই পরিচালিত হবে। অভিযুক্ত ব্যক্তি ও অপরাধের শিকার ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন ২০১৪-এর বিধান অনুযায়ী ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক। নির্যাতনের শিকার নারী ও শিশুদের তাৎক্ষণিক সেবার পরিধি বাড়াতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় পর্যায়ক্রমে ৩৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হবে। বর্তমানে চালু থাকা ১৪টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে নারী ও শিশুদের চিকিৎসা, আইনি সহায়তা, পুলিশি ও মনোসামাজিক কাউন্সেলিং, পুনর্বাসন, সামাজিক পুনরেকত্রিকরণ এবং আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে; এরই মধ্যে ৮২ হাজার ৬৭৮ জন সেবা পেয়েছেন।
এ ছাড়া জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় স্থাপিত ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৫২৩ নির্যাতিত নারী ও শিশুকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ন্যাশনাল হেল্পলাইন সেন্টার-১০৯ (টোল ফ্রি)-এর মাধ্যমে এ পর্যন্ত রেকর্ডসংখ্যক ৮৮ লাখ ৪৬ হাজার ৯৪০ নারী ও শিশুকে বিভিন্ন ধরনের জরুরি সেবা দেওয়া হয়েছে।
আক্রান্তদের মানসিক ট্রমা কাটাতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকায় ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং ৩৭টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের মাধ্যমে সেবাকার্যক্রম প্রসারিত করা হচ্ছে। একটি ন্যাশনাল ও আটটি রিজিওনাল সেন্টার থেকে মোট ৩৮ হাজার ৬১ নারী ও শিশুকে মনোসামাজিক কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে।
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ
বিআরটিএ-তে নিবন্ধিত বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে তিনি জানান, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে সরকার নিয়মিত অভিযান চালাচ্ছে।
পুরনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়
সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে পুরনো রেল নিলামে বিক্রি না করার বিষয়ে মন্ত্রী বলেন, অকেজো রেল রেলওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু; এসব এমব্যাঙ্কমেন্ট প্রটেকশন বা বাঁধ সুরক্ষার কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন অবৈধ লেভেলক্রসিংয়ের গেটে রেলফেন্সিং বা বেড়া দেওয়ার কাজেও এগুলো কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশাল অঙ্কের আর্থিক ব্যয় সাশ্রয় হচ্ছে। অকেজো রেলসমূহ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা ও সুরক্ষার কাজে পুনর্ব্যবহারযোগ্য হওয়ায় তা উন্মুক্ত নিলামে বিক্রয় করা সম্ভব নয়।
সড়ক দুর্ঘটনা ও মহাসড়কে প্রাণহানি রোধে সরকারের গৃহীত পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের জেলা-মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং জাতীয় মহাসড়কসমূহের যেসব জায়গায় বারবার দুর্ঘটনা ঘটে, সেসব ঝুঁকিপূর্ণ বাঁক বা স্থানকে চিহ্নিত করা হয়েছে। সেসব স্থানে দ্রুত সংস্কারকাজ পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় সাইন-সিগন্যাল স্থাপন করা হচ্ছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোয় স্পিডব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং এবং রাম্বল স্ট্রিপ বা গতিরোধক রেখা স্থাপন করার কাজও পুরোদমে চলমান রয়েছে।