যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিমানবাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়।
এতে ওই বিমানটিতে থাকা পাইলট এবং ৭ যাত্রীর সবাই মারা যান। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বম্বার এডওয়ার্ড বিমান ঘাঁটির রানওয়ে থেকে বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার অল্প সময়ের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।