গাইবান্ধায় ষাঁড়ের আক্রমণে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গরুর আক্রমণে নবির হোসেন (৫০) নামের এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার 
ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক ওই গ্রামের বাসিন্দা।  

বিষয়টি নিশ্চিত করেন ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত নবির হোসেন প্রতিদিনের মতো আজ সকালে তার বাড়ির পাশের বিলে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এসময় হঠাৎ একটি গরু ক্ষিপ্ত হয়ে কৃষকের ওপর আক্রমণ করে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং নাক-মুখ দিয়ে রক্ত ক্ষরণ শুরু হয়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।