চলতি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা নিয়ে যখন চরম অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে, ঠিক তখনই ফুটবল তারকা নেইমারের ব্যক্তিগত জীবন থেকে এলো এক দারুণ খুশির খবর। আবারও বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান এই মহাতারকা। দীর্ঘদিনের সঙ্গী ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কোল জুড়ে আসতে চলেছে তাঁদের তৃতীয় সন্তান।
১৫ জুন (সোমবার) ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একটি আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে এই আনন্দের খবরটি ভাগ করে নেন নেইমার ও ব্রুনা। ভিডিওতে দেখা যায়, নেইমারের বড় ছেলে দাভি লুকা এবং এই দম্পতির দুই মেয়ে মাভি ও মেল-সহ পুরো পরিবার মিলে একটি কেক ভেঙে নতুন অতিথির আগমনী বার্তা উদযাপন করছে। কেকের ভেতর থেকে বেরিয়ে আসা গোলাপি রঙ নিশ্চিত করেছে যে, নেইমারের ঘরে আবারও একটি কন্যাসন্তান আসতে চলেছে।
পাঁচ সন্তানের বাবা হচ্ছেন নেইমার
নতুন এই অতিথির আগমনে নেইমার এখন মোট পাঁচটি সন্তানের বাবা হতে চলেছেন। ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে এটি তাঁদের তৃতীয় সন্তান হলেও, এর আগে ভিন্ন সম্পর্কের মাধ্যমে আরও দুই সন্তানের জনক হয়েছেন এই ফরোয়ার্ড। এক নজরে নেইমারের বড় পরিবার:
-
দাভি লুকা: ক্যারোলিনা দান্তাসের সঙ্গে নেইমারের প্রথম ও একমাত্র পুত্রসন্তান।
-
মাভি: ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রথম কন্যা, জন্ম ২০২৩ সালের ৬ অক্টোবর।
-
হেলেনা: আমান্ডা কিম্বার্লির সঙ্গে নেইমারের দ্বিতীয় কন্যা।
-
মেল: ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে দ্বিতীয় কন্যা, জন্ম ২০২৫ সালে।
-
আসন্ন সন্তান: ব্রুনার গর্ভে থাকা তৃতীয় কন্যা, যার ঘোষণা এলো গতকাল।
কয়েক দিন আগেই ব্রুনার চিকিৎসক প্রিসিলা পালাজ্জো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রুনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তবে গতকালের অফিশিয়াল ঘোষণার পর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে নিয়ে বড় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই আনন্দের মুহূর্তটি উদযাপন করেন নেইমার-ব্রুনা দম্পতি।