দীর্ঘদিন পর একসঙ্গে দেখা মিলল দেশীয় চলচ্চিত্রের জীবনন্ত পাঁচ কিংবদন্তি সুচন্দা, উজ্জ্বল, ববিতা, আলমগীর ও শবনমের। তারা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের জনপ্রিয় তারকা।
আয়োজনস্থলের মূল ফটক সাজানো হয়েছিল তাদের সোনালি সময়ের ছবি দিয়ে। যদিও তাদের সঙ্গে আরও উপস্থিত থাকার কথা ছিল সোহেল রানা ও আনোয়ারা বেগমেরও। অসুস্থতার কারণে আসতে পারেননি তারা। লাল কার্পেট ধরে তাদের আগমন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত।
তাদের স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনভর চলে আড্ডা, স্মৃতিচারণ আর পুরোনো দিনের গল্প। বহু বছর পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
স্মৃতির ঝাঁপি খুলে ব্যক্তিগত জীবন ও অভিনয়জীবনের নানা অজানা গল্প শোনান তাঁরা। চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে তাঁদের নিয়ে বিশেষ আড্ডার আয়োজন করেন আবদুর রহমান। চলচ্চিত্রজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এমন অনেক কথাও উঠে আসে, যা আগে কখনো প্রকাশ্যে বলা হয়নি।আড্ডায় উঠে আসে বর্ষার প্রথম দিনের স্মৃতি, বৃষ্টিতে শুটিং করার অভিজ্ঞতা, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গানসহ নানা প্রসঙ্গ। হাসি, গল্প আর স্মৃতিচারণে জমে ওঠে পুরো আয়োজন। দিন শেষে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। উপহারসামগ্রীর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, শিশুদের খেলনাসহ বিভিন্ন স্মারক। পাশাপাশি দেওয়া হয় তাদের নাম ও ছবি সংবলিত ক্রেস্ট এবং ফুলের তোড়া। পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। শিগগিরই এটি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।