সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে শিল্পী সমাজ। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে এই মানববন্ধন হয়। এতে এফডিসিস্থ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহীন সুমন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ , মাসুদ পারভেজ রুবেল, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, ওমর সানী, আলেক্সান্ডার বো, মারুফ আকিব, সাদেক সিদ্দিকী, মাসুম বাবুল প্রমুখ।
সোহানুর রহমান সোহান বলেন, সবাই মিলেমিশে থাকবো, যার যার ধর্ম সে সে পালন করবে। সবার উৎসব সবাই মিলে পালন করবো। ভবিষ্যতে যাতে করে আর কেউ সাম্প্রদায়িক হামলার সাহস না পায়। এ জন্য ঘটে যাওয়া ঘটনাগুলোর দ্রুত বিচার চাই।
মিশা সওদাগর বলেন, আমাদের সোনার বাংলায় যেসব ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। এতে আমাদের দেশেরই সম্মানহানি হচ্ছে। যেখানে দেশ এগিয়ে যাচ্ছে সেখানে দিন দিন দেশে সহিংসতা বাড়ছে। সম্প্রতি যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এর সুস্থ তদন্ত করে বিচার করা হোক। একজনের বিচার করে অন্যদের সতর্ক করে দিতে হবে। যার ধর্ম তাকে পালন করতে দিতে হবে।
ওমর সানী বলেন, চক্রান্ত করে এমন ঘটনা ঘটানো হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে চক্রান্ত। আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো করা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রতি ধর্মের মানুষকে সম্মান দিতে হবে। তাহলেই আমরা সুখে বাস করতে পারবো।
