সিলেটে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে সিলেট নগরের নবাব রোড এলাকায় মিছিলটি বের করা হয়। এই ঘটনায় অন্ত ৪ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। গ্রেপ্তারকৃতরা হলেন- ইব্রাহিম মোস্তফা মাহি (২০), সানিয়াদ আহমদ (১৯), রেদুওয়ান আহমদ রাব্বি (২৪) ও আশরাফুল শাহি (২৫)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘নবাবরোড এলাকায় কিছু সময় অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লিখা ছিল- ‘আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করুন।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ বলে শ্লোগান দিচ্ছেন। স্লোগান দিয়ে নেতাকর্মীরা যখন নবাব রোড দিয়ে যাচ্ছিলেন ঠিক তার বিপরীত পাশেই পুলিশের একটি গাড়ি দাঁড়ানো ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে চলে যায়। তবে মিছিলে মানুষের সংখ্যা বেশি হওয়াতে পুলিশ বাধা দেয়নি। 

মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ‘মিছিলের পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অন্যদের ধরতে অভিযান চলছে।’