মানুষের জীবনে কখনো কখনো কঠিন মুহূর্ত আসে। চারদিকে হতাশা, অনিশ্চয়তা ও অক্ষমতা ঘিরে ধরে। তখন একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হয় দোয়া। এটি বান্দার পক্ষ থেকে তার রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের এক অনন্য মাধ্যম। দোয়ার মাধ্যমে মানুষ নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং মহান আল্লাহর অসীম ক্ষমতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে। তাই ইসলাম দোয়াকে ইবাদতের মগজ হিসেবে উপস্থাপন করেছে।
নুমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দোয়াই হলো ইবাদত। অতঃপর তিনি (সুরা মুমিনের ৬০ নম্বর আয়াত) তেলাওয়াত করেন, ‘তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহঙ্কার বশত আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’ (সুনানে ইবনে মাজাহ ৩৮২৮)
এই হাদিস থেকে বোঝা যায়, দোয়া এমন এক ইবাদত, যার মাধ্যমে বান্দা সরাসরি তার রবের কাছে নিজের প্রয়োজন, আশা ও আকাক্সক্ষা তুলে ধরে। নামাজ, রোজা কিংবা অন্যান্য ইবাদতের মতো দোয়াও আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দোয়ার মধ্যে ইবাদতের প্রকৃত রূপ আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। কারণ দোয়া করার সময় মানুষ স্বীকার করে যে, প্রকৃত সাহায্যকারী মহান আল্লাহ। তিনি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই।
দোয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি মানুষের হৃদয়ে বিনয় সৃষ্টি করে। অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর দোয়া মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে ব্যক্তি দোয়া করে, সে মূলত নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতা স্বীকার করে নেয়। পক্ষান্তরে যে ব্যক্তি দোয়া করতে চায় না, সে যেন নিজের সক্ষমতার ওপর অতিরিক্ত ভরসা করে। এ কারণেই উল্লিখিত আয়াতে দোয়া থেকে বিমুখ হওয়াকে অহংকারের সঙ্গে তুলনা করা হয়েছে।
দোয়ার বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি কখনো বৃথা যায় না। মহান আল্লাহ বান্দার প্রতিটি দোয়া শোনেন। কখনো দোয়া অনুযায়ী তাৎক্ষণিক ফল দান করেন, কখনো বিলম্বে উত্তম কিছু প্রদান করেন, আবার কখনো সেই দোয়ার প্রতিদান আখেরাতের জন্য সঞ্চিত রাখেন। তাই দোয়ার ক্ষেত্রে হতাশা বা নিরাশার কোনো সুযোগ নেই।
বর্তমান যুগে মানুষ নানা সংকট, উদ্বেগ ও মানসিক চাপে আক্রান্ত। এমন সময়ে দোয়া হতে পারে আত্মিক প্রশান্তির সবচেয়ে কার্যকর উপায়। দোয়া মানুষের হৃদয়ে আশা জাগায়, আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ায় এবং জীবনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাকে দৃঢ় রাখে।