বকেয়া বেতনের দাবি

তেজগাঁওয়ে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কের দুই পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও অফিসগামীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, ঈদের পরপরই নাসা গ্রুপ তাদের গার্মেন্টস বন্ধ করে দেয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের বেতন-ভাতা ছাড়াও কিছু দাবি-দাওয়া ছিল। সেগুলো না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে দুই শতাধিক পোশাকশ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শ্রমিক কাজী ফিরোজ জানান, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত তারা ডিউটি করেছেন। ঈদের বন্ধে সবাই বাড়ি যান। কর্মস্থলে ফিয়ে দেখেন, কর্তৃপক্ষ গার্মেন্টস বন্ধ ঘোষণা করেছে। গেটের সামনে সাইনবোর্ড ঝুলছে। হঠাৎ করে এতগুলো লোক বেকার হয়ে গেল। অথচ মালিক পক্ষ বকেয়াসহ কোনো দেনা-পাওনা দিচ্ছে না। এ দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে এলেও কোনো সুরাহা হয়নি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গ্রুপের পোশাক কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক অবরোধে অংশ নেন। তাদের বুঝিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল শুরু হয়।