রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজারে পুলিশ ও ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালনা করে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়ো জব্দ করেছে। ভেজাল হলুদ গুঁড়ো প্যাকেজিং ও বিক্রয়ের অভিযোগে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর পুলিশ জানতে পারে, ফরাশগঞ্জ ও শ্যামবাজারে কিছু স্থানে ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাত করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাসমূহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুঁড়ো জব্দ করা হয়। অভিযানে ভেজাল মসলা উৎপাদনের দায়ে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট চার প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেন এবং জব্দকৃত ভেজাল হলুদ গুঁড়ো ধ্বংস করা হয়।