কিশোরী ধর্ষণে যাবজ্জীবন কারাদন্ড

প্রায় ১০ বছর আগে ঢাকা জেলার দোহারে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ দুই লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ দন্ড ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলো ইকবাল শেখ। সে দোহার উপজেলার ডাইয়া গজারিয়া গ্রামের নুরুল হকের ছেলে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও চার মাস কারাভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে। জরিমানার টাকা আদায় হলে ওই টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি  পরোয়ানা জারি হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ২০১৬ সালের ৫ আগস্ট দুপুর ২টা ঘটিকার সময় ওই কিশোরীর মা রান্না করছিলেন। কিশোরী ওই বাড়ির একটি ঘরে অন্য কাজ করছিল। আসামি ইকবাল (৪৮) ওই ঘরে ঢুকে ১৩ বছরের কিশোরীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় পর দিন ৬ আগস্ট দোহার থানায় ভিকটিমের মা মামলাটি  করেন। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর তদন্ত শেষে এসআই মো. আব্দুল গনি অভিযোগপত্র দাখিল করেন।