আদিতমারীতে গরুর ভটভটি উল্টে খামারির মৃত্যু

​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গরুবাহী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মফিজুল ইসলাম (৫৫) নামে এক খামারি মারা গেছেন। এই দুর্ঘটনায় আহত হন দুজন।

​বুধবার (১৭ জুন) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পলাশী ইউনিয়নের রামদেব এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

​নিহত মফিজুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি নিজের খামারের জন্য গরু কেনাবেচার ব্যবসা করতেন।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, সকালে গঙ্গাচড়া থেকে একটি ভটভটিতে কয়েকটি গরু নিয়ে মফিজুলসহ বেশ কয়েকজন ব্যবসায়ী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। পথে রামদেব এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গর্তে উল্টে যায়। এতে মফিজুলসহ গাড়িতে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।

​এসআই তাজুল বলেন, স্থানীয়রা আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মফিজুলের মৃত্যু হয়।

​আহত আব্দুল গফুর ও ভটভটি চালককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।