নোয়াখালীতে সড়কে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:০৬ এএম

নোয়াখালী জেলার সেনবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়াও একজন আহত হন। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডমুরুয়া গ্রামের সিএনজি চালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন আরোহী নিয়ে মোটরসাইকেলটি কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাদের ছাতারপাইয়ার একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের মধ্যে দুইজন আপন ভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত