‘গোপনে আমরা বিয়ে করে ফেলেছি’

এই সময়ে হলিউডের সবচেয়ে চর্চিত এবং জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড এবং জেন্ডায়া কি সত্যিই বিয়ে করে ফেলেছেন? গত কয়েক মাস ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটপাড়ায়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে খোদ ‘স্পাইডারম্যান’ তারকা নিশ্চিত করলেন, তারা গোপনে আনুষ্ঠানিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। 

৩০ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড তার এবং ২৯ বছর বয়সী জেন্ডায়ার এই ‘সুপার সিক্রেট ওয়েডিং’য়ের খবরটি নিজেই দিয়ে দিলেন। সম্প্রতি ইতালির লেক কোমোতে টম এবং জেন্ডায়ার একটি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল, যা আদতে ছিল এআই দিয়ে তৈরি একটি বানোয়াট ছবি। সেই সাক্ষাৎকারে টম হাসতে হাসতে জানান, তার ঠাকুমা ওই ফেক ছবিগুলো দেখে ভেবেছিলেন যে তাকে না জানিয়েই হয়তো নাতি বিয়ে করে ফেলেছে! পত্রিকার পক্ষ থেকে যখন টমকে জিজ্ঞেস করা হয় যে তার পরিবারের বাকিদেরও কি এই একই কথা বুঝিয়ে মেসেজ পাঠাতে হয়েছিল? তখনই টম হল্যান্ড আসল বোমাটি ফাটান। তিনি বলেন, ‘না, বাকিদের বোঝাতে হয়নি। কারণ আসল বিয়েতে ওঁরা সবাই উপস্থিত ছিলেন!’ 

এই সিক্রেট ওয়েডিং নিয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হলে টম ওঁর চেনা স্পাইডি মেজাজে মুচকি হেসে বলেন, ‘এই বিষয়ে এর চেয়ে বেশি আর একটা শব্দও আপনারা আমার থেকে পাবেন না।’  টমের এই স্বীকারোক্তির আগে অবশ্য জেন্ডায়া এবং তার ঘনিষ্ঠ মহল বিষয়টি বেশ চেপে রেখেছিলেন। চলতি বছরের মার্চ মাসে বিয়ে-ভিত্তিক সিনেমা ‘দ্য ড্রামা’ র প্রচারের সময় জিমি কিমেল টকের শো-তে জেন্ডায়াকে ইন্টারনেটের বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি মজার ছলে উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘তাই নাকি? আমি তো এমন কিছু শুনিনি!’ 

তবে জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল অফ রোচ গত মার্চেই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছিলেন, ‘বিয়েটা ইতিমধ্যেই হয়ে গেছে। আপনারা সেই সুযোগ মিস করেছেন।’ টমের এই বয়ান প্রমাণ করল যে ল অফ রোচের কথাই একশো ভাগ সত্যি ছিল। নিজেদের বিয়ের খুঁটিনাটি নিয়ে মুখ না খুললেও, জেন্ডায়া ওঁর জীবনে আসার পর কতটা ইতিবাচক পরিবর্তন এসেছে, তা নিয়ে আবেগঘন হয়ে পড়েন টম। তিনি বলেন, `গ্ল্যামার দুনিয়ার এই লাইফস্টাইল প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে। সেখানে দাঁড়িয়ে এমন একটা মজবুত সম্পর্ক পাওয়া, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্ত হয়— তা সত্যিই ভাগ্যের ব্যাপার। ও আমার সবচেয়ে ভাল বন্ধু এবং ওঁর সঙ্গে থাকলেই আমি জীবনের সবচেয়ে বেশি সুখী। আমি তার কাছে নিজেকে সবচেয়ে সুরক্ষিত অনুভব করি। সত্যি বলছি।’ 

টম এবং জেন্ডায়া বর্তমানে তাদের নিজস্ব দুটি ভিন্ন বিগ-বাজেট ছবির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন। আগামী জুলাইয়ে টমের ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং জেন্ডায়ার ‘দ্য ওডিসি’ বক্স অফিসে মুখোমুখি টক্কর দেবে। মজার কথা, ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে টম-কেও! তবে অন-স্ক্রিন লড়াই থাকলেও অফ-স্ক্রিন যে তারা পুরোপুরি এক, তা প্রমাণ করতেই গত সোমবার (১৫ জুন) স্পেনের মাদ্রিদে দীর্ঘ চার বছর পর এই জুটিকে একসঙ্গে রেড কার্পেটে হাঁটতে দেখা গেছে।