অস্ট্রেলিয়ার স্পিন বিষে নীল বাংলাদেশ

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম

প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি খেলতে নেমে ব্যাটিং ধসের শিকার হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে সফরকারী স্পিনারদের তোপের মুখে মাত্র ১৩১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। কোনো ব্যাটারই ত্রিশ রানের গণ্ডি টপকাতে পারেননি।

চোটের কারণে নিয়মতি অধিনায়ক লিটন দাস নেই। অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাওহিদ হৃদয়ের। তবে এমন মুহূর্তটাকে স্মরণীয় করতে পারেননি এই ব্যাটার। মাত্র ৮ রান করে আউট হন তিনি। এর আগে সুবিধা করতে পারেননি দুই ওপেনার সাইফ হাসান (২০) ও তানজিদ হাসানও (১০)। ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ফেরেন সাইফ। ২ উইকেট হারালেও পাওয়ার প্লের ৬ ওভারে ৫২ রান তোলে বাংলাদেশ। এরপরই শুরু হয় ব্যাটারদের ব্যর্থতা।

অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা বলে হৃদয় বোল্ড হলে খানিক পর একই বোলারের দ্বিতীয় শিকারে পরিণত হন সৌম্য সরকার (১৭)। অন্য প্রান্ত থেকে অস্ট্রেলিয়ার পার্ট-টাইম স্পিনার ম্যাট রেনশ ও জোয়েল ডেভিসও চেপে ধরেন স্বাগতিক ব্যাটারদের। এতে একে একে ফেরেন পারভেজ হোসেন (১০) ও শামীম পাটোয়ারী (১)। অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল গাফফারও সুবিধা করতে পারেননি। ১০ রানে সাজঘরের পথ ধরেন তিনি।

শেষ দিকে শেখ মেহেদী হাসানের ইনিংস সর্বোচ্চ অপরাজিত ২৯ রানের সৌজন্যে কোনোরকমে এক শ পার হয় বাংলাদেশের সংগ্রহ। অস্ট্রেলিয়ার চার স্পিনার মিলে ৯ উইকেট নেন। এর মধ্যে সর্বাধিক ৩টি করে উইকেট নেন জাম্পা ও ডেভিস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত