ভোজিনহার মায়ের স্বপ্নপূরণে এগিয়ে এল যুক্তরাষ্ট্র 

অনাবিষ্কৃত এক ফুটবলার থেকে রাতারাতি বিশ্বজুড়ে কোটি মানুষের চোখে এখন নতুন নায়ক কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বসেরা স্পেনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে, অবিশ্বাস্য ৭টি সেভ দিয়ে ১-১ গোলে ম্যাচ ড্র করে ফুটবল ইতিহাসের অন্যতম বড় চমক দেখিয়েছেন তিনি। তবে মাঠের এই রূপকথার সমান্তরালে মাঠের বাইরে এখন আলোচনায় এই তারকার মা। যুক্তরাষ্ট্রের মাটিতে ছেলের এই ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রা গ্যালারিতে বসে দেখার তীব্র ইচ্ছা তার। আর সেই স্বপ্নপূরণে এবার পাশে দাঁড়িয়েছে খোদ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর (স্টেট ডিপার্টমেন্ট)।

বিষয়টি সামনে আসার পর পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ফুটবলারের মায়ের ভিসা আবেদনের কোনো পূর্ব রেকর্ড বা নথিপত্র তাঁদের কাছে নেই। এর মূল কারণ অনুসন্ধান করে জানা গেছে, ভোজিনহার মায়ের বর্তমানে কোনো সচল পাসপোর্টই নেই এবং তিনি এখন একটি নতুন পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

পাসপোর্ট জটিলতা থাকলেও ভোজিনহার মায়ের এই স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্র সরকার নিজ থেকেই সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রীড়াবিদ, কোচ, প্রয়োজনীয় সহকারী কর্মী এবং তাঁদের নিকটাত্মীয়দের ক্ষেত্রে ভিসার জন্য প্রয়োজনীয় আর্থিক বন্ড বা শর্তাবলী মওকুফ করা হবে, যদি তারা ভিসার অন্যান্য সাধারণ শর্তসমূহ পূরণ করতে পারেন।

ভোজিনহার মায়ের এই বিশেষ পরিস্থিতির কথা জানতে পেরেই যুক্তরাষ্ট্রের প্রশাসন বিভাগ বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। এক বিবৃতিতে অফিশিয়াল কর্মকর্তা জানান, “খেলোয়াড়দের পরিবারের সকল সদস্যই ভিসা বন্ড মওকুফের সুবিধা পাবেন। এই ফুটবলারের মায়ের ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যাবতীয় সহযোগিতা ও সেবা প্রদানের জন্য আমাদের দফতর থেকে সরাসরি ওই খেলোয়াড়ের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।” 

মাঠের লড়াইয়ে মাত্র ৫ লাখ ৩০ হাজার মানুষের দেশ কেপ ভার্দে শক্তিশালী স্প্যানিশ আক্রমণভাগকে পুরো ৯০ মিনিট রুখে দিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চমক দেখিয়েছে। সেই সাথে অবিশ্বাস্য এই ড্রয়ের পর পর্তুগিজ দ্বিতীয় বিভাগে খেলা ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারী ৫০ হাজার থেকে এক লাফে ৯.৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে। মাঠের এই রূপকথার পর এবার খোদ মার্কিন সরকারের সহায়তায় ভোজিনহার মায়ের গ্যালারিতে বসার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী রবিবার মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরবর্তী ম্যাচের আগেই এই ফুটবলারের মা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।