বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শিল্পকলায় দুই দিনের উৎসব

বিশ্ব সংগীত দিবস ২১ জুন। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী উৎসব। পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ২১ ও ২২ জুন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে এ উৎসব। 

আজ বুধবার এক বার্তায় বিষয়টি জানিয়েছে শিল্পকলা একাডেমি। তাতে জানানো হয়, প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সরকারের উপদেষ্টা জাহেদ উর রহমান। এছাড়া এদিন সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কিংবদন্তি গীতিকবি মনিরুজ্জামান মনির। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। 

দুই দিনেই সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীরা গান করবেন। পুরো অনুষ্ঠান থাকবে জনসাধারণের জন্য উন্মুক্ত।