সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

বর্ণাঢ্য আয়োজন ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি। সম্প্রতি নিউইয়র্কের ব্রঙ্কসে ২০৯৯ স্টার্লিং অ্যাভিনিউতে অবস্থিত এশিয়ান ড্রাইভিংয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ‘হৃদয় বাংলাদেশ’-এর সভাপতি সাইদুর রহমান লিংকন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদদিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুল হাসান সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও এক বছরের পথচলা সম্পর্কে উপস্থিত দর্শক-শ্রোতাদের অবহিত করেন।

মূলত কণ্ঠশিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয় বর্ষপূর্তির এই আয়োজন। নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে আগত কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, মিঠুল হক, রূপালী ঘোষ, ক্রিস্টিলা কুইয়া , চাইম ব্যান্ড এর প্রতিষ্ঠাতা সদস্য আল- আমিন , এহেতেশাম মুকুট, হামজা,জোসেফিন মিষ্টি,বিনিটা জয়া,আসাদ সোহেল, রুপালি ঘোষ, সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেক শিল্পী।তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির থিম সং-এর রচয়িতা সৈয়দ আলী শুভ। এ সময় সিম্ফনির থিম সংটি উপস্থিত দর্শক-শ্রোতাদের শোনানো হয়। গানটি উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত