যেভাবে তৈরি হয়েছিল বিশ্বকাপ মাতানো নোরার ‘সির সির’

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ-এর মঞ্চে ফের একবার ভারতের নাম উজ্জ্বল করলেন নোরা ফাতেহি। কানাডার টরন্টোয় আয়োজিত বিশ্বকাপের দ্বিতীয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অফিসিয়াল থিম সং গেয়ে এবং পারফর্ম করে স্টেডিয়াম মাতিয়ে দিলেন মরোক্কান বংশোদ্ভূত এই সুন্দরী। এবার সেই ফিফা স্পেশাল গানটির অন্দরের এক মেকিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে নোরাকে ফরাসি গায়ক ভেজেড্রিমের সঙ্গে গলা মেলাতে দেখা গেছে, আর ব্যাকগ্রাউন্ডে তার ট্র্যাকে দুর্দান্ত বিটস যোগ করছেন ডিজে সঞ্জয়। মজা-হুল্লোড়ের মাঝেই গানটির রেওয়াজ করতে দেখা গিয়েছে তাঁদের। ভিডিওর ক্যাপশনে নোরা লিখেছেন, আমরা অনেক হৃদয় আর আত্মা উজাড় করে এই গানটি তৈরি করেছি।’ 

টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানে নোরার পাশাপাশি পারফর্ম করেছেন বিশ্বসংগীতের একাধিক চেনা মুখ। ফরাসি সেনসেশন ভেজেড্রিম এবং ডিজে সঞ্জয়ের পাশাপাশি ম্যাচ শুরুর আগে মঞ্চ কাঁপান জেসি রেয়েজ এবং আলেসিয়া কারা । এছাড়াও ফিলিস্তিনি শিল্পী ইলিয়ানাও ওঁর পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। তবে পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন নোরা, যাঁর নাচ ও গানের জাদুতে মেতেছিল গ্যালারি। 

নিজের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপের প্রথম হাই-ভোল্টেজ ম্যাচ উপভোগ করার ছবিও শেয়ার করেছেন নোরা। টরন্টোয় হওয়া তার মাতৃভূমি মরোক্কো বনাম ব্রাজিল ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। মরোক্কোর লাল-সবুজ পতাকা হাতে নিয়ে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতেও দেখা যায় তাকে। 

ম্যাচের ছবি পোস্ট করে নোরা লেখেন, ‘মরোক্কো বনাম ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচ।’ টানটান উত্তেজনার এই ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। মরোক্কোর হয়ে প্রথম গোলটি করেন ইসমায়েল সাইবারি, তবে ব্রাজিলের হয়ে সমতা ফেরান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র।