পাটুরিয়া ঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী আটক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে  ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

আটকের বিষয়টি রাত ১০টায় দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।

বুধবার (১৭ জুন)  সোয়া ৩টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের পুলিশ বক্স এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত নারী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মসিন্দা শিকারপাড়া গ্রামের বাসিন্দা এবং মইনুল হকের স্ত্রী চম্পা খাতুন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চম্পা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৪ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে  ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন , ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।