কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিতর্ক বাড়লেও জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির অগ্রযাত্রা থেমে নেই। ওপেনএআইয়ের তৈরি এই সেবাটি চালুর মাত্র সাড়ে তিন বছরের মাথায় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে ইতিহাসের দ্রুততম অ্যাপ হিসেবে নতুন রেকর্ড গড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে যাত্রা শুরুর পর মে মাসে চ্যাটজিপিটি এ মাইলফলক স্পর্শ করে। একই সংখ্যক ব্যবহারকারী পেতে প্রায় পাঁচ বছর সময় লেগেছিল গুগল ম্যাপসের।
ফেব্রুয়ারিতে ওপেনএআই জানিয়েছিল, তাদের ওয়েব ও মোবাইল প্ল্যাটফর্ম মিলিয়ে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ৯০ কোটির বেশি। বর্তমানে মাসিক ওয়েব ভিজিট ও মোবাইল সেশনের সংখ্যায় চ্যাটজিপিটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ছয় গুণ এগিয়ে রয়েছে। গুগলের জেমিনাই, অ্যানথ্রপিকের ক্লড এবং মেটা এআইয়ের ব্যবহারকারী বৃদ্ধির হারও উল্লেখযোগ্য। সেন্সর টাওয়ারের হিসাবে, চ্যাটজিপিটির বার্ষিক ব্যবহারকারী বৃদ্ধির হার ৬২ শতাংশ হলেও ক্লড ও মেটা এআইয়ের বৃদ্ধি যথাক্রমে ৬৪০ ও ৯৭৩ শতাংশ। এদিকে পেন্টাগনের সঙ্গে ওপেনএআইয়ের সামরিক চুক্তি নিয়ে বিতর্কের কারণে ফেব্রুয়ারিতে চ্যাটজিপিটি আনইনস্টলের হার দিনে প্রায় ২৯৫ শতাংশ বেড়ে যায়। সেই সময় অ্যানথ্রপিকের ক্লড যুক্তরাষ্ট্রে ডাউনলোডের সংখ্যায় চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে যায়। তবুও ব্যবহারকারী সংখ্যার দিক থেকে বাজারে এখনো শক্ত অবস্থানে রয়েছে চ্যাটজিপিটি।