রোনালদোর রেকর্ড গড়ার দিনে কঙ্গো রুখে দিল পর্তুগালকে

লিওনেল মেসি প্রথম খেলোয়াড় হিসেবে গতকাল সকালে ষষ্ঠ বিশ্বকাপ খেলাটা রাঙিয়েছিলেন হ্যাটট্রিক করে। রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোও গড়লেন একই কীর্তি। তবে রেকর্ড গড়া ম্যাচটি জয়ে রাঙাতে পারেননি সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। তাদের হতবাক করে দিয়ে ম্যাচটি ড্র করেছে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গো।

হিউস্টনে ম্যাচের শুরুটা অবশ্য ফেভারিট পর্তুগালের মতোই হয়েছিল। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই পেদ্রো নেতোর নিখুঁত পাস থেকে পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। পর্তুগালের জার্সিতে এটি নেভেসের চতুর্থ গোল।

পর্তুগালের লিড নেওয়ার পর ম্যাচ যখন তাদের নিয়ন্ত্রণে মনে হচ্ছিল, ঠিক তখনই প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে রূপকথা লেখে ডিআর কঙ্গো। যোগ করা সময়ের ৫ম মিনিটে আর্থার মাসুয়াকুর দুর্দান্ত এক ক্রস থেকে উড়ন্ত হেডে গোল করে কঙ্গোকে সমতায় ফেরান ফরোয়ার্ড ইয়োয়ান উইসা।

দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে লড়ে পর্তুগাল। রোনালদোকে কেন্দ্র করে বেশ কয়েকটি আক্রমণ সাজালেও ডিআর কঙ্গোর রক্ষণভাগ ও গোলরক্ষকের বীরত্বে জালের দেখা পায়নি ব্রুনো ফার্নান্দেজ-কনসেসাওরা। উল্টো কাউন্টার অ্যাটাক থেকে পর্তুগালকে বেশ কয়েকবার ভীতি প্রদর্শন করে আফ্রিকার দলটি।

শেষ পর্যন্ত রেফারি শেষ বাঁশি বাজালে ১-১ গোলের ঐতিহাসিক ড্রয়ের আনন্দে মেতে ওঠেন ডিআর কঙ্গোর সমর্থকরা। আর ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা পর্তুগালকে মাঠ ছাড়তে হয় পয়েন্ট হারানোর হতাশা নিয়ে।