আইডি-পাসওয়ার্ড জটিলতা, দুমকিতে জন্ম নিবন্ধন সেবা ব্যাহত

পটুয়াখালীর দুমকি উপজেলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত সেবায় স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় সৃষ্ট জটিলতার মধ্যে সম্প্রতি নতুন ইউএনও যোগদান করলেও প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড না পাওয়ায় জন্ম নিবন্ধনের সংশোধন, অনুমোদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, জন্ম নিবন্ধন সংশোধন ও অনুমোদনের জন্য করা অসংখ্য আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। ফলে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণে সমস্যার মুখে পড়ছেন তারা। গত বৃহস্পতিবার সকালে সেবা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলেও আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতার কারণে সেবাগ্রহীতাদের অপেক্ষা করতে বলা হচ্ছে।

লেবুখালী ইউনিয়নের ফরিদুল ইসলাম, পাঙ্গাশিয়া ইউনিয়নের হেদায়েতুল্লাহ ও শ্রীরামপুর ইউনিয়নের সাইফুল বাশারসহ একাধিক ভুক্তভোগী দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেছেন। তাদের অভিযোগ, প্রশাসনিক জটিলতায় নাগরিক সেবা দীর্ঘদিন বন্ধ থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের শত শত আবেদন আটকে রয়েছে। প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে এসে দীর্ঘ অপেক্ষার পর নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। তবে জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড এখনও হাতে পাননি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আইডি ও পাসওয়ার্ড পাওয়ার পর আটকে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।