শান্তির বার্তা নিয়ে নতুন গান প্রকাশ করল ব্যান্ড দল শিরোনামহীন। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহবান জানিয়ে দলটি নতুন এই গানের নাম দিয়েছে ‘যুদ্ধ’। এটি তাদের নবম অ্যালবামের প্রথম গান। শিরোনামহীনের ইউটিউব চ্যানেল ও ফেইসবুকে শোনা যাচ্ছে গানটি। জিয়াউর রহমান জিয়ার কথায় গানটির সুর করেছেন জিয়াউর রহমান ও কাজী আহমেদ শাফিন।
‘পৃথিবীর সব মিসাইল ফড়িং হয়ে উড়ে যাক, ড্রোন থেকে বোমার পরিবর্তে ঝরে পড়ুক ফুল, গ্রেনেডের মুখে ফুটুক রক্তগোলাপ, পৃথিবীর সব সংঘাত বদলে যাক শান্তিতে’- এমন কথার গানে যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছে দলটি।
গানটি নিয়ে নিয়ে ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া বলেছেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, সহিংসতায় প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও সংঘাতপূর্ণ বছরগুলোর একটি। ‘আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমাদের গানে সেই বার্তায় তুলে ধরেছি।’
শিরোনামহীনের এই গানের ভিডিওচিত্রটি নির্মিত হয়েছে এআই ব্যবহার করে। সেখানেও ফুটে উঠেছে যুদ্ধক্ষেত্রের চিত্র।