মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের নতুন রেকর্ড কেইনের

আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:৩০ পিএম

পেনাল্টি স্পট থেকে বিশ্বকাপ ইতিহাসে এখন সবচেয়ে সফলতম নাম হ্যারি কেইন। ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলের রোমাঞ্চকর জয়ের রাতে জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন এই ইংলিশ অধিনায়ক। একই ম্যাচে তিনি স্পর্শ করেছেন তার নিজ দেশের দুই কিংবদন্তি গ্যারি লিনেকার ও ডেভিড বেকহ্যামের ঐতিহাসিক কীর্তিও।

ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করার মাধ্যমেই মূলত ইতিহাসের নতুন পাতা লেখেন কেইন। অবশ্য তার নেওয়া প্রথম শটটি ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক। তবে লিভাকোভিচ বলটি ঠেকিয়েছিলেন লাইনের আগে এসে। এতেই পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেবার আর কোনো ভুল করেনি কেইন। বিশ্ব মঞ্চে পেনাল্টি থেকে করে ফেলেন নিজের ৫ম গোল। আর এতেই পেনাল্টি থেকে ৪টি গোল করা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে এই বিভাগে এককভাবে নতুন রাজা বনে যান বায়ার্ন মিউনিখের এই তারকা ফরোয়ার্ড।

এদিকে ক্রোয়েশিয়া প্রথমে মার্টিন বাটুরিনার গোলে সমতায় ফিরলেও বেশি সময় তাদের স্বস্তিতে থাকতে দেননি ইংলিশ অধিনায়ক। ডেকলান রাইসের মাপা কর্নার থেকে এক বুলেট হেডে লক্ষ্যভেদ করে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন কেইন। এই গোলের সুবাদে এবার বিশ্বকাপে থ্রি-লায়ন্সদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করা কিংবদন্তি গ্যারি লিনেকারের পাশে নিজের নাম লেখালেন তিনি। লিনেকার যেখানে ১৯৮৬ ও ১৯৯০ এই দুই আসরে ১০ গোল করেছিলেন, কেইনের সামনে এখন সুযোগ তাকেও ছাড়িয়ে যাওয়ার। বিশ্বমঞ্চে পা রাখার আগেই প্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া এক বিবৃতিতে কেইন বলেছিলেন, “ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকার অবিশ্বাস্য একজন স্ট্রাইকার ছিলেন, বিশ্বকাপে ওনার ১০ গোলের কীর্তি ছোঁয়া সত্যিই দারুণ এক অনুভূতি।” সেই কীর্তিতে কেইন ভাগ বসালেন আসরের প্রথম ম্যাচেই।

শুধু লিনেকারই নন, এই গোলের মাধ্যমে ডেভিড বেকহ্যামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে টানা তিনটি ভিন্ন বিশ্বকাপে (২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার নজির গড়লেন কেইন।

সম্প্রতি দারুণ ছন্দে থাকা কেইনের সামনে এখন সুযোগ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতার। ২০১৮ সালের আসরে ৬ গোল করে এই পুরস্কার জেতা কেইন এবার প্রথম ম্যাচেই জোড়া গোল করে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের মতো সমসাময়িক প্রতিদ্বন্দীদের শুরুতেই এক কড়া বার্তা দিয়ে রাখলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত