ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার (১৭ জুন) মধ্যরাতে পৌর এলাকার মাগুড়া কেশবপুর গ্রামে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। 

মৃত সাকিব (২৩) ওই  গ্রামের এরশাদুল হক লিটনের ছেলে।

অভিযুক্ত রাকিব (২০) নিহতের ছোট ভাই।

স্থানীয়দের ভাষ্য, রাকিব ও তার বড় ভাই সাকিবের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাত ১০টার দিকে রাকিব তার বাবার কাছে মোটরসাইকেলের চাবি চায়। এ সময সাকিব রাতে মোটরসাইকেলের চাবি দিতে তাদের বাবাকে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত ৩টার দিকে ছোট ভাই রাকিব তার বড় ভাই সাকিবকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক ইকবাল জানান, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।