দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে: ত্রাণমন্ত্রী

​অতি অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের মাধ্যমে শিশু নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আসাদুল হাবিব দুলু।

​এই হত্যাকাণ্ডকে ‘নির্মম ও নৃশংস’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই ঘটনার নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা আমাদের নেই। যারা এতটুকু একটা ছোট শিশুকে হত্যা করতে পারে তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যা উদাহরণ হয়ে থাকবে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস কেউ না পায়।

​বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​ত্রাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর (সরকার প্রধানের) নির্দেশনা অনুযায়ী আমরা শিশু নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং সব ধরনের সহযোগিতা দিতে এখানে এসেছি। আমাদের সঙ্গে জেলার সংসদ সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

​অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে এবং আমি যতটুকু জেনেছি সে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। কিছু কারিগরি ও আইনি পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করেই দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে।

​মরদেহ উদ্ধারের পর এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামিকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। সেই শান্তিপূর্ণ পরিবেশ কার ইন্ধনে, কার উসকানিতে বিনষ্ট করা হলো এবং কেন প্রশাসনের ওপর আক্রমণ করা হলো সেটি আরেকটি অপরাধ। আইন যারা হাতে তুলে নিয়েছে বা এর পেছনে কোনো উসকানি আছে কি না, তা পুলিশ তদন্ত করে দেখছে।

​তিনি স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষ যারা এই মব বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নয়, তারা নিশ্চিন্তে বাড়িতে থাকবে। কিন্তু যারা অপরাধী, যারা প্রশাসনকে আক্রমণ করে মব সৃষ্টি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে বলা হয়েছে।

​এর আগে গত মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে সাত বছর বয়সী শিশু নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী যুবক বিধান চন্দ্র বর্মণ আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন।

​বৃহস্পতিবার দুপুরে ত্রাণ মন্ত্রী শিশু নন্দিনীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন।

​পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।