নেত্রকোনার দুর্গাপুরে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’ বিষয়ক অংশীজনদের অংশগ্রহণে এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পৌর শহরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সার্বিক সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।
‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ-২০২৫’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেন এবং নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
কর্মশালায় জরিপ কার্যক্রমের খসড়া প্রশ্নপত্রের সাতটি মডিউল উপস্থাপন করা হয়। এসব মডিউল নিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
গত বছরের ২৪ অক্টোবর শুরু হওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরূপণ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ৩০ জুন। প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ১৭টি জেলায় ৬০ জন তথ্য সংগ্রহকারী জরিপ কার্যক্রম পরিচালনা করবেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফিরোজ সরকার বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সামগ্রিক ও সুষম উন্নয়ন সম্ভব নয়। এই জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঠিক আর্থসামাজিক অবস্থা এবং দারিদ্র্যের প্রকৃত চিত্র উঠে আসবে। এটি ভবিষ্যতে সরকারের নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঠিক জনসংখ্যার তথ্যও পাওয়া যাবে। তিনি বলেন, নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের জন্য সরকার গুরুত্ব দিচ্ছে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির বলেন, এই আঞ্চলিক কর্মশালা অংশীজনদের মধ্যে জরিপের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ এবং মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীদের এ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।
কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা জরিপ পদ্ধতি ও মাঠপর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।
সোশ্যাল মিডিয়ার ফিডে কী আসবে, সিদ্ধান্ত এখন আপনার