নেত্রকোনার পূর্বধলা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)-এর অভিযানের অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার হলেও পালিয়ে গেছে অস্ত্র কারবারিরা।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি লুৎফা বেগম। এর আগে বুধবার (১৮জুন) রাতে পূর্বধলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব-১৪।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকায় একটি চক্র অবৈধ অস্ত্রের সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক পূর্বধলায় দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ খবর পায় চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্রের চালান কেনাবেচা ও হাতবদলের উদ্দেশ্যে মানুষউড়া এলাকায় অবস্থান করছে।
তথ্যের সত্যতা যাচাই এবং জড়িতদের হাতেনাতে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র কারবারিরা পালিয়ে যায়। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করলে তাদের বহন করা একটি লাল রঙের ব্যাগ মাটিতে ফেলে পালিয়ে যায় অস্ত্র কারবারিরা।
পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়। তবে দীর্ঘ ধাওয়া সত্ত্বেও অভিযুক্তরা অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি লুৎফা বেগম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অস্ত্র কারবারিদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের একাধিক দল কাজ করছে।
র্যাবের পক্ষ থেকে এ ঘটনায় পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অস্ত্র আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।