জামায়াত আমিরের সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম. হুসাইন। বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উভয়ের সঙ্গে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’-এর প্রতিনিধিরা প্রবাসীদের কল্যাণে আরো কার্যকর নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধী দলের সহযোগিতা চান।

একই সঙ্গে প্রবাসীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং দেশে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেন।