চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামে সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন। 

সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিবেক দেবনাথ এবং নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল।

ব্যবসায়ী হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. মাসুম, নবগ্রাম প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল মজুমদার, কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আবুল হাসেম ও রিয়াজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবুল খায়ের, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে প্রত্যেককে নিজ ঘর, পরিবার, বাড়ি, সমাজ ও গ্রাম পর্যায়ে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সন্তানদের ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চৌদ্দগ্রাম থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পৌর এলাকার নবগ্রামে যুবসমাজ, প্রবাসী ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে ধারাবাহিকভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গ্রামবাসীর উদ্যোগে এলাকার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রতিশ্রুতি নিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এর ফলে আগের তুলনায় নবগ্রামে মাদক ব্যবসা ও মাদকসেবীদের আনাগোনা অনেকাংশে কমেছে বলে স্থানীয়রা জানান।

তবে কিছু স্বার্থান্বেষী মহল যুবসমাজের মাদকবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করায় এলাকাবাসীর উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় সচেতন মহল এ মাদকবিরোধী উদ্যোগের সফলতা কামনা করেছেন।