শিশু জায়ানের বস্তাবন্দি লাশ উদ্ধার হত্যাকারী আটক

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় অপহরণের শিকার পাঁচ বছরের শিশু জায়ানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু জায়ান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রথমে পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরে শিশুটির বিছানা থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবিসংক্রান্ত চিরকুট পাওয়ার পর অপহরণের বিষয়টি সামনে আসে।

ঘটনার ৪৮ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা নামে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

স্বজনদের অভিযোগ, অপহরণের বিষয়টি ফাঁস হওয়ার আশঙ্কায় শিশুটিকে হত্যা করা হয়েছে। এমনকি অভিযুক্তদের কয়েকজন শিশুটিকে খোঁজার নাটকেও অংশ নিয়েছিল বলে দাবি পরিবারের। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে মেহেদী হাসান নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গতকাল ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির শিক্ষার্থীরা একাডেমির সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। একই দিন রামগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা রামগঞ্জ থানার সামনে মেহেদী হাসানের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী উপস্থিত শিক্ষার্থীদের জানান, নিহত মেহেদীর বাবা থানায় এজাহার জমা দিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের আশ^াস দিলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে।

উল্লেখ্য, গত ১৬ জুন সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে মেহেদী হাসান তার শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ১০৪ নং কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।