ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের প্রয়োজনীয়তা ও আবাসন খাতের নানা সমস্যার সমাধানে রাজউক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন রিহ্যাব নেতারা। গতকাল বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভবনে বৈঠকটি হয়। সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, সবার জন্য পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি আবাসন খাতের উন্নয়নে রিহ্যাবের ভূমিকার প্রশংসা এবং যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনটির প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেন, বর্তমান ড্যাপে অসঙ্গতি ও বৈষম্য রয়েছে, যা আবাসন খাতের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়ণের স্বার্থে সিটি সেন্টারের আদলে বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
আলী আফজাল বলেন, ‘সারা দেশে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণ করা জরুরি।’ ঢাকার ওপর চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ ঋণ ও প্রণোদনা দেওয়ারও আহ্বান জানান তিনি।
বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ পরিসরের আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দেন। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ইতিবাচক সাড়া দিয়ে ভবিষ্যতে বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক মো. মাহবুবুর রহমানসহ অন্য নেতারা আবাসন খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, পরিচালক ডা. এন জোহা, আলহাজ মো. গোলাম কিবরিয়া মজুমদার, আলহাজ প্রফেসর ফারুক আহমদ, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মো. ইমদাদুল হক প্রমুখ।