স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, অভিনেতা আলভী কারাগারে

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এ মামলায় গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আরজি জানান জাহের আলভী। শুনানি নিয়ে বিচারক কামাল উদ্দিন জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিনের আবেদন করে। আদালত আবেদন নামঞ্জুর করেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আলভীর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় জাহের আলভী নেপালে ছিলেন। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা করেন।

অভিযোগে তিনি বলেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়। এ ঘটনায় জাহের আলভীসহ আসামিদের বিরুদ্ধে ইকরাকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ আনা হয়েছে। মামলায় জাহের আলভীর মা নাসরিন সুলতানা গত ৪ জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

প্রসঙ্গত, আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।