যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা মূল্যায়নকারী প্রতিষ্ঠান QS Quacquarelli Symonds প্রকাশিত QS World University Rankings 2027-এ টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধরে রেখেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।
একই সঙ্গে বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান করে নিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটি। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিকীকরণ ও কর্মসংস্থান সক্ষমতাসহ মোট ৯টি সূচকে সর্বোচ্চ ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
এবারের র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৩। অ্যাকাডেমিক সুনাম সূচকেও প্রতিষ্ঠানটি ২৮ দশমিক ৩ স্কোর অর্জন করেছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টির দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। কর্মসংস্থান ফলাফল সূচকে বিশ্ববিদ্যালয়টি ৯৫ দশমিক ০ স্কোর অর্জন করেছে, যা স্নাতকদের কর্মক্ষেত্রে উচ্চগ্রহণযোগ্যতা ও সফলতার প্রতিফলন। পাশাপাশি নিয়োগদাতাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়টির সুনাম সূচকে প্রাপ্ত ৫০ দশমিক ৮ স্কোর শিক্ষার্থীদের প্রতি চাকরিদাতাদের ইতিবাচক মনোভাব নির্দেশ করে।
গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৬১ দশমিক ১। এছাড়া টেকসই উন্নয়ন সূচকে ৬০ দশমিক ৬ স্কোর অর্জন করেছে, যা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে তুলে ধরে। তবে সাইটেশনস পার ফ্যাকাল্টি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর যথাক্রমে ৮.০ ও ৮.০। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে ২.০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১.৪ স্কোর অর্জিত হয়েছে। এসব সূচক গবেষণা সক্ষমতা ও আন্তর্জাতিকীকরণ আরও জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে নিয়ে এসেছে।