গোলাম পরওয়ার বললেন

ক্ষমতায় আসার পর বিএনপি অবস্থান পরিবর্তন করেছে

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:১২ এএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদের পক্ষে দেশব্যাপী ক্যাম্পেইন চালিয়েছিল, ক্ষমতায় আসার পর তারা সেই অবস্থান পরিবর্তন করেছে। এখন তারা গণভোট ও সংবিধান সংস্কার পরিষদকে বেআইনি ও সংবিধান পরিপন্থি বলছেন। খুলনায় আগামীকাল শনিবার ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন কেবল জামায়াত-এনসিপি বা ১১ দলের দাবি নয়, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের দাবি। এটি সংসদেই সমাধানযোগ্য। তিনি বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না করে কেবল সীমিত সংশোধন করার প্রবণতা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা সীমিত করা, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব চালু করা, বিচার বিভাগ ও সাংবিধানিক পদে নিরপেক্ষ নিয়োগ এ ধরনের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব থেকে বর্তমান রাজনৈতিক শক্তিগুলো সরে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত