মৌলভীবাজারে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে জুড়ী পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল  আনুমানিক ৩টার দিকে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল (৩৫) মিটু রুদ্র পালের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মিটু রুদ্র পাল তার হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী রিতা রুদ্র পালের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত মিটু রুদ্র পাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মনোমালিন্য চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।