মুন্সীগঞ্জের গজারিয়ায় অপহরণের ১২ঘন্টার পর পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ থেকে উদ্ধার হলো ৫ বছরের শিশু। উদ্ধার করা শিশুটির নাম হোসাইন ঢালী (৫), সে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর বড় রায়পাড়া গ্রামের মো. হক মিয়া ঢালীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে বাড়ির সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়, কোথাও না পেয়ে পাশ্ববর্তী ডক ইয়ার্ডের সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীকে সনাক্ত করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থেকে উদ্ধার করা হয়।
বিষয়টা নিয়ে শিশুটার মা বিউটি আক্তার বলেন, তখন আমি বাড়ি ছিলাম না, গ্রামেই বাবার বাড়ি, সেখানে ছিলাম, আমার ছেলেটা বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের মাঠে খেলছিল, এসে শুনি তাকে পাওয়া যাচ্ছে না, পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের কাছে জানতে পারি আমার ছোট খালার স্বামী উজ্জ্বল আমার ছেলেকে নিয়ে গেছে।
শিশুর চাচা মামুন বলেন, পুলিশের সার্বিক সহায়তায় হোসাইনকে রাত ১২টার দিকে উদ্ধার করা হয়, এই সময় অপহরণকারী তার এক বন্ধুর কাছে শিশুটাকে রেখে পালিয়ে যায়, আমরা তার বন্ধুর কাছ থেকে তাকে নিয়ে চলে আসি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর লোকেশন ও গতিবিধি পর্যবেক্ষণ করে শিশুটাকে উদ্ধার করা হয়।