মা-বাবা-সন্তান বিক্রি করেন মাদক

মানিকগঞ্জের ঘিওরে হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। আটকের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের ক্ষোভে তাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জুন) সদর ইউনিয়নের গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঘিওর থানার একটি বিশেষ অভিযান চালিয়ে গোলাপনগর কুঠিবাড়ি এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তারা হলেন মমতাজ বেগম (৪৫), তার স্বামী শামছুল আলম খোকন (৫২) এবং ছেলে রাহিম মিয়া মানিক (২৫)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গতকাল বিকালে মাদক ব্যবসায়ী মমতাজ বেগম মমোর মেয়ে স্মৃতি আক্তার তার মা বাবা ও ভাইয়ের সাথে ঘিওর থানা হাজতে দেখা করতে তাদের বাড়িতে গেলে এলাকাবাসী আটক করে থানায় খবর দিলে তার ব্যাগে থাকা ৪৮ পুরিয়া হেরোইনসহ তাকে থানা হাজতে নিয়ে যায়। 

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর দুপুর ১২টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রান্নাঘরসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, মাদকসহ চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।