মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (১৪ জুন) রাতে উপজেলার টেপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার টেপড়া এলাকায় পৃতিশ শীলের পরিত্যক্ত বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের ফরহাদ আলী আহমেদের ছেলে ফয়েজ আহমেদ (৩২) ও মৃত তফসেরের ছেলে জিগির আলীকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়েজ আহমেদ শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। এছাড়া, তার বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বের একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা যায়।
এ সময় ফয়েজ আহমেদের কাছ থেকে ৪০০ পিস এবং জিগির আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো দেশ রূপান্তরকে বলেন, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী