চেকিয়াদের ‘চেক’ দিয়েই ‘সন্তুষ্ট’ দক্ষিণ আফ্রিকা 

আটলান্টার মাঠে ম্যাচ তখন ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। প্রথম ম্যাচে হারের পর চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা উভয় দলের সামনেই ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার পর একই ম্যাচের ফলাফলকে সম্পূর্ণ ভিন্ন দুটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন দুই দলের কোচ। নাটকীয় এই ড্রয়ের পর দক্ষিণ আফ্রিকার লড়াকু মানসিকতার প্রশংসায় মেতেছেন তাদের কোচ, অন্যদিকে একের পর এক সুযোগ হাতছাড়া করার আফসোসে পুড়ছেন চেক কোচ।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল চেকদের জন্য স্বপ্নের মতো। মাত্র ৫ মিনিট ৭ সেকেন্ডে মিখাল সাদিলেকের নিচু শটে লিড নেয় চেক প্রজাতন্ত্র, যা চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোল। কিন্তু প্রথমার্ধের সেই আধিপত্য তারা ধরে রাখতে পারেনি। উল্টো ম্যাচের দখল নিয়ে ক্রমাগত আক্রমণ শানায় দক্ষিণ আফ্রিকা। অবশেষে ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ‘বাফানা বাফানা’দের মূল্যবান ১ পয়েন্ট এনে দেন তেবোহো মোকোয়েনা।

ম্যাচ শেষে চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কৌবেক নিজের হতাশা লুকিয়ে রাখেননি। সুযোগ নষ্টের আক্ষেপ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, “ফলাফলটির জন্য আমরা দুঃখিত, কারণ আমার মনে হয় সুযোগ তৈরির দিক থেকে আমরাই জয়ের বেশি কাছাকাছি ছিলাম। কিন্তু আমরা দ্বিতীয় গোলটি করতে পারিনি। যদি দ্বিতীয় গোলটি পেতাম, তবে ম্যাচটি সম্ভবত সেখানেই শেষ হয়ে যেত।”

দক্ষিণ আফ্রিকার পেনাল্টির সিদ্ধান্তকে ‘কঠোর’ মানলেও তা মেনে নিয়ে তিনি আরও বলেন, “ওদের বল পজিশন বেশি থাকায় হয়তো মনে হতে পারে ওরা ভালো খেলেছে, কিন্তু আমাদের মতো এত পরিষ্কার সুযোগ ওরা পায়নি।” 

ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে নিজের দলের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বেলজিয়ান কোচ হুগো ব্রুস। প্রথম ম্যাচের হার কাটিয়ে ওঠার পর তিনি বলেন, “ম্যাচের শুরুতে মনোযোগের অভাবের সেই একটি মুহূর্ত ছাড়া আজ আমরা খুব ভালো ফুটবল খেলেছি। আর আপনারা তো জানেনই, বিশ্বকাপের মঞ্চে একটি ভুল করলেই তার চড়া মূল্য দিতে হয়।”

এদিকে চেক কোচের দাবির পাল্টা জবাবে ব্রুস বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা প্রতিনিয়ত ওদের চেপে ধরেছিলাম। আর ওরা শুধু ওদের লম্বা স্ট্রাইকারদের উদ্দেশ্যে লম্বা বল বাড়িয়ে যাওয়া ছাড়া কিছুই করেনি। তাই আজ আমরা আরও বেশি কিছু প্রাপ্য ছিলাম।” 

এই ড্রয়ের পর ‘এ’ গ্রুপে দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে টেবিলে টিকে রইল দুই দলই। নকআউটের শেষ বত্রিশে যাওয়ার সমীকরণ মেলাতে আগামী ২৫ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে চেকরা, আর দক্ষিণ আফ্রিকা লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।