লামিন ইয়ামাল, রদ্রি কিংবা দানি ওলমোর মতো নিয়মিত তারকাদের ছাড়া মাঠে নেমেও চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে স্পেন। প্রাগের শীতল সন্ধ্যায় গতকাল রাতের এই জয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৪৪ ম্যাচে অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড গড়ল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
আর এই জয়ের আনন্দের মাঝেই লা রোহাদের শিবিরে যোগ হয়েছে আরও এক সুখবর। হাঁটুর ব্যথা কাটিয়ে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে ফিরছেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল এবং ফরোয়ার্ড মিকেল ওয়ারসাবাল।
চোট এবং ফ্লুয়ের কারণে একাদশে বড়সড় পরিবর্তন এনে চেক প্রজাতন্ত্রের লেতনা স্টেডিয়ামে দল সাজিয়েছিলেন স্পেন কোচ। মাঝমাঠে রদ্রির অভাব পূরণের গুরুদায়িত্ব সামলেছেন আর্সেনাল মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দি, যাঁর পাশে ছিলেন ফাবিয়ান রুইজ ও ফেরমিন লোপেজ।
ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে চেকদের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পেতে বেশ অপেক্ষা করতে হয় স্পেনকে। অবশেষে ৩৯তম মিনিটে ডেডলক ভাঙে অতিথিরা। বক্সের ভেতর চেক মিডফিল্ডার লুকাস আমব্রোসের হাতে বল লাগলে ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিয়মিত পেনাল্টি স্পেশালিস্ট ওয়ারসাবালের অনুপস্থিতিতে স্পট কিক নিতে এগিয়ে আসেন অ্যালেক্স বায়েনা। চেক গোলরক্ষক মাতেই কোভার সঠিক দিকে ঝাঁপ দিয়ে বলে হাত ছোঁয়ালেও বায়েনার জোরালো শট রুখতে পারেননি। বিরতির ঠিক আগে ফ্যাবিয়ান রুইজের বাঁকানো শট পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান আরও বাড়তে পারত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল স্পেন, কিন্তু ইয়ামালের জায়গায় ডান প্রান্তে খেলা ইয়েরেমি পিনোর গোলটি সামান্য অফসাইডের কারণে ভিএআরে বাতিল হয়ে যায়। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা; ডেভিড জিমার শট বারের ওপর দিয়ে যাওয়ার পর ৬৮তম মিনিটে অ্যাডাম হ্লোজেকের হেড ক্রসবারে লেগে ফিরে এলে অল্পের জন্য রক্ষা পায় স্পেন।
তবে এর ঠিক এক মিনিট পরই বড় ধাক্কা খায় চেক প্রজাতন্ত্র। প্রতি-আক্রমণে ওঠা লোপেজকে ফাউল করে ভিএআর রিভিউয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ১০ জনের দলে পরিণত হওয়া চেকদের ওপর এরপর একের পর এক আক্রমণ চালায় স্পেন। অবশেষে ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে টমাস সুচেকের কাছ থেকে বল কেড়ে নিয়ে নিখুঁত এক নিচু শটে গোলরক্ষক কোভারকে পরাস্ত করে স্পেনের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় মার্ক পুবিল।
প্রাগের এই কঠিন লড়াই শেষে দলের পারফরম্যান্স এবং ফিনিশিংয়ের ঘাটতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ‘আমি পুরো দলের পরিশ্রমের প্রশংসা করতে চাই। আক্রমণাত্মক ফুটবল খেলা এক উদ্যমী দলের বিপক্ষে এটি ছিল বেশ কঠিন একটি ম্যাচ। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে আমাদের বেশ কিছু মুহূর্তে প্রচুর শক্তি খরচ করতে হয়েছে। স্কোরলাইন আরও বড় হতে পারত, কিন্তু ফিনিশিংয়ে আমরা কিছুটা ভুগেছি।’
ইতিমধ্যেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা স্পেন এবং ইংল্যান্ড আগামী রবিবার মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে গ্রুপ 'এ-থ্রি'-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে হারের পর থেকে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের সামনে এখন ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। আসন্ন সেই মহারণ নিয়ে নিজের রোমাঞ্চ প্রকাশ করে স্পেন কোচ যোগ করেন, ‘বিশ্বের সেরা দুটি জাতীয় দলের খেলা দেখার দারুণ একটি সুযোগ হবে এটি। আমরা এই ছন্দ ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই এবং অপরাজিত থাকার এই ধারা আরও দীর্ঘায়িত করতে চাই। তবে বাস্তবতা হলো, প্রতিটি ম্যাচ পার হওয়ার সাথে সাথে পরাজয়ের সময়টাও ঘনিয়ে আসে। ফুটবল এমনই, কিন্তু আমরা যা অর্জন করছি তাতে আমরা খুশি এবং এর মূল্যায়ন করি।’
এদিকে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারা চেকিয়ারা পয়েন্ট টেবিলের তলানিতেই থিতু হলো। গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে।
অভিষেকেই ৬ উইকেটে ৩৮ বছরের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলীয় পেসার