নরসিংদীতে তিন মাদকসেবীর কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে ইয়াবা ও গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  মো. সজিব মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতে খিদিরপুর বাজার এলাকায় ইয়াবা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন কালিরচর গ্রামের মুছলেহ উদ্দিনের ছেলে সোহরাব (৩৬)। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম ও দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই অভিযানে খিদিরপুর বাজার এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় নয়াপাড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে মোশারফ হোসেনকে (২৯) আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করলে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই এলাকায় গাঁজা সেবনরত অবস্থায়  সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে (১৮) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাওসারসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে এর ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।