একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বর্তমান সরকার।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, শুধু তাদের হাতবদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময়ে দেবে।

তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানান।

গণভোট ও জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। জনগণের রায়কে অবজ্ঞা করা হলে সেই জনগণই হিমালয়ের মতো দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। চব্বিশ হয়েছিল বলেই ছাব্বিশে একটি নির্বাচন হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে আহত ও নিহতদের প্রতি অবহেলা করা হলে তা হবে জাতির সঙ্গে প্রতারণা।

সম্মেলনে ডা. শফিকুর রহমান আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি ২৭টি ওয়ার্ডে যোগ্য প্রার্থী দেওয়ার অঙ্গীকার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন (এমপি), নুরুল ইসলাম বুলবুল (এমপি), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে জেলা ও মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।