ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ সামাজিক অনুষ্ঠান রয়্যাল অ্যাসকটে উপস্থিত হয়ে নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে উঠে এল এমন একটি ছবি, যা দেখে প্রথমে অনেকেরই চোখকে বিশ্বাস করতে কষ্ট হয়েছে। ইংল্যান্ডের রাজকীয় আবহ, অভিজাত অতিথিদের ভিড়ে সারা যেন ছিল অন্যরকম আকর্ষণের কেন্দ্রে থাকেন এই স্টার কিড।
সোশ্যাল মিডিয়ায় রয়্যাল অ্যাসকটের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন সারা। সাদা রঙের পরিশীলিত পোশাক, তার সঙ্গে মানানসই ফ্যাসিনেটর—সব মিলিয়ে তাঁকে যেন একেবারে রাজকীয় অতিথির মতোই লাগছিল। কিন্তু সেই অ্যালবামের মাঝখানে ছিল একটি চমক। ছবিতে তার পাশে দাঁড়িয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিল। আর সেই এক ফ্রেমই মুহূর্তের মধ্যে ঝড় তুলল ইন্টারনেটে।
বলিউড ও হলিউডের দুই পরিচিত মুখকে একই ছবিতে দেখে উচ্ছ্বাসে ভেসে যান অনুরাগীরা। কেউ লিখলেন, “পাতৌদি পরিবারের রাজকন্যা আর সুপারম্যান—একই ফ্রেমে!” আবার কেউ কেউ এতটাই অবাক হয়েছিলেন যে ছবিটিকে প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বা AI-জেনারেটেড বলেও সন্দেহ করেন। কারণ, সারা আলি খান ও প্রাক্তন ‘সুপারম্যান’ হেনরি ক্যাভিলকে পাশাপাশি দেখা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছিল।
আসলে সারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান লংজিনসের বিশেষ অতিথি হিসেবে। ঐতিহ্যবাহী রয়্যাল অ্যাসকট ড্রেস কোড মেনে তিনি পরেছিলেন আইভরি রঙের স্কার্ট স্যুট এবং সূক্ষ্ম নকশার একটি ফ্যাসিনেটর। তাঁর সেই পরিমিত অথচ রুচিশীল ফ্যাশন স্টেটমেন্টও প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের কাছ থেকে। তবে শেষ পর্যন্ত সমস্ত আলোচনা ছাপিয়ে গিয়েছে হেনরি ক্যাভিলের সঙ্গে তাঁর সেই ভাইরাল মুহূর্ত।
প্রতি বছর বার্কশায়ারে অনুষ্ঠিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদেরও উপস্থিতি দেখা যায়। এবারের আসরেও ছিলেন রাজা চার্লস তৃতীয়, রানি ক্যামিলা, প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস ক্যাথরিন। সেই রাজকীয় পরিবেশের মধ্যেই সারা নিজের উপস্থিতি দিয়ে আলাদা করে নজর কেড়েছেন। মজার বিষয় , সারা যখন ইংল্যান্ডের সবচেয়ে আলোচিত সামাজিক অনুষ্ঠানের একটিতে আলোচনার কেন্দ্রবিন্দু, তখন তাঁর বাবা সইফ আলি খানও একই দেশে আরেকটি বিশেষ কারণে খবরের শিরোনামে উঠে আসেন।
উইনচেস্টার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন সাইফ। সেখানে তার বাবা, ভারতীয় ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি মনসুর আলি খান পাতৌদির স্মৃতির উদ্দেশে একটি স্মারক ফলক উন্মোচন করা হয়। কলেজের ঐতিহাসিক ক্রিকেট প্যাভিলিয়নে স্থাপন করা হয় সেই ফলক, যা ক্রিকেট বিশ্বের এক অনন্য ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধার নিদর্শন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত সাইফ তার বাবার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এমন একটি জায়গায় ফিরে এসে বাবাকে সম্মান জানাতে পেরে তিনি গর্বিত, যেখানে তাঁর ক্রিকেটজীবনের ভিত্তি তৈরি হয়েছিল। বন্ধুত্ব, শিক্ষা, মূল্যবোধ এবং জীবনের নানা অভিজ্ঞতা কীভাবে তাঁর বাবাকে গড়ে তুলেছিল, সেই কথাও তুলে ধরেন তিনি।