চট্টগ্রামের বাঁশখালীতে আগুন লেগে পাঁচটি বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার পশ্চিম মনকিচর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মোহাম্মদ জাফর, পারেসুল আলম, অছিউর রহমান, মোহাম্মদ তৌহিদ ও মোজাফফর আহমদ।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, শুক্রবার ভোর সকালে মোজাফ্ফর আহমদের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারটি বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই চার ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাঁশখালী স্টেশনের টিম লিড়ার মো.মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।