ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ, ইউনিয়নের উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিরোধী দল আওয়ামী ধারায় রাজনীতি করছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ীই নেতিবাচক নয়, ইতিবাচক রাজনীতি করতে হবে। তিনি প্রস্তাবিত বাজেটের কথা উল্লেখ করে বলেন, এবারই বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ে নাই। কারণ নিত্যপণ্যের ওপর ভ্যাট ট্যাক্স কমিয়ে দেয়া হয়েছে, বাড়িয়ে দেয়া হয়েছে মদ, সিগারেটের ওপর ভ্যাট ট্যাক্স। কিন্তু বিরোধী দল বলছে গরিব মারার বাজেট। কারণ তারা আওয়ামী লীগের মতো বিরোধিতার জন্যই বিরোধিতা করছে, আওয়ামী চশমা পড়ে রাজনীতি করছে।
তিনি বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এক দলীয় নয়, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার মতোই বহুদলীয় গণতান্ত্রিক ধারার দেশ পরিচালনা করেছেন এবং তা অব্যাহত রাখবেন। তারেক রহমান বহুদলীয় গণতান্ত্রিক ধারার শাসন কায়েম করেছেন বলেই জামায়াত এনসিপিসহ বিরোধীদল মুক্ত কণ্ঠে সংসদে ও বাইরে কথা বলতে ও রাজনীতি করতে পারছেন, সরকারি দলের এমপিদের মতো জনকল্যাণে বরাদ্দ পাচ্ছেন।
মতবিনিময় সভায় প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণে তৃনমূলে বিএনপির নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে হবে এবং উন্নয়ন ও জনসেবার রাজনীতিকে শক্তিশালী করতে হবে।
প্রিন্স বলেন, শাকুয়াই ইউনিয়নের সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। উন্নয়ন হবে জনগণের চাহিদা ও অংশগ্রহণের ভিত্তিতে এবং দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে।
সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে বিশৃঙ্খলা বা সংঘাত সৃষ্টির যে কোনো অপচেষ্টা রোধ করে একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
মাদক, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রিন্স বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি জনগণের দল। বিএনপি নেতাকর্মীদেরকে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, দখলবাজ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলের কেউ যদি এসব অপকর্মের সাথে জড়ায়, তাদের জন্য বিএনপির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ দলের পরিচয় ব্যবহার করে অপরাধীদের রক্ষা করার চেষ্টা করলে তাকেও ছাড় দেওয়া হবে না।
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং সকল ধরনের পাশবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা বিএনপি সরকারের রাজনৈতিক অঙ্গীকার।
প্রিন্স নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে নিজ নিজ গ্রাম, পাড়া ও মহল্লায় সামাজিক যুদ্ধ শুরু করতে হবে। শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, সমাজের সচেতন নাগরিক, রাজনৈতিক কর্মী, শিক্ষক, অভিভাবক ও তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্য, শৃঙ্খলা ও জনসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মী ছাড়াও মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ যোগ দেয়ায় মত বিনিময় সভা এক পর্যায়ে জনসভায় পরিনত হয়।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবদুল হাই এর সভাপতিত্বে ও আবুল হাশিম মেম্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, শকুয়াই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান, বিএনপি নেতা আমজাদ হোসেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক অতিক সিদ্দিকী, আবুল কালামসহ ইউনিয়নের ৯ ওয়ার্ড থেকে প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।