গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মিন্টু চন্দ্র মোহন্ত (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯জুন) রাত ৮টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।
জানা গেছে মিন্টু চন্দ্র মোহন্ত একই গ্রামের নিশি চন্দ্র মোহন্তের ছেলে। তার ছোট ভাই গৌতম কুমার মোহন্ত জানান, গত বুধবার মধ্যরাতে তার বড় ভাই মিন্টু বাড়ি থেকে বের হয়। এরপর গত তিন দিন পেরিয়ে গেলেও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সন্ধ্যার পর স্থানীয়রা ওই পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
স্ত্রী অনিতা রানী মোহন্তের ভাষ্য, তার স্বামী মিন্টু চন্দ্র মোহন্ত একজন মাদকসেবি ছিলেন। অতিরিক্ত মদ্য পানে ভারসাম্যহীন হয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষীতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।