বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে হাসপাতালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘাতকদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে  তার পরিবারকে আশ্বস্ত করেন।

শুক্রবার রাত ৮টার দিকে তিনি আহতকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই করা বিএনপির নিবেদিত প্রাণ নুরুল ইসলাম। তিনি খুব বাজে ভাবে আহত হয়েছেন। অনেকগুলো সেলাইয়ের প্রয়োজন হয়েছে। ডাক্তাররা খুব সুন্দরভাবে তার দেখাশোনা করছেন। 

তিনি বলেন, আহতের জবানবন্দি পুলিশ এখনও নিতে পারেনি। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে হেলমেট পড়া অবস্থায় ৪ জন এসে আক্রমনটি করে। এলাকাবাসি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে তাদের কাজ করছেন। ঘটনাস্থলের পাশেই একটি মেলা বসানো হয়েছিল। সেই মেলা নিয়ে একটি কথা উঠছে কোনো দ্বন্দ্ব থাকতে পারে। সেই মেলা বন্ধ করে দেয়া হয়েছে।

এই মেলার সাথে জড়িত যারা, পুলিশ তাদেরকেও খুঁজছে। এলাকার চিহ্নিত আসামি যারা আছেন, তাদেরকেও খোঁজা হচ্ছে। এলাকায় অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত, তারা দ্রুতই পুলিশের হাতে আটক হবে।

মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা-১৩ আসনের এই সংসদ সদস্য বলেন, কেউ অপরাধ করলে শাস্তি তার পেতেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে কাজ করছে, পুলিশ যেভাবে কাজ করছে, তার ভিত্তিতে আমি কনফিডেন্টস নিয়ে বলছি, যত দ্রুত সম্ভব পুলিশ এই আসামিদের আইনের আওতায় আনবে।